মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে। শুধু মাদক বহনকারীদের ধরলেই হবে না, এর পাচারের পথ বন্ধ করতে হবে। পাশাপাশি, সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি বৃদ্ধি করতে হবে। তিনি সোমবার (৩১ অগাস্ট) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়াদি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামিরা সহজেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তাঁরা যাতে সহজে জামিন পেতে না পারে, সেজন্য আইন সংশোধন করা হবে।
দেশে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বেহাল অবস্থায় রেখে গেছে। তাই, সরকারের পক্ষে মাত্র ছয় মাসে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তবে সরকার দ্রুত এ সংকট থেকে বের হওয়ার জন্য কাজ করছে।
কিশোরগঞ্জের সংসদ সদস্যগণের সহযোগিতায় জেলার বিভিন্ন সমস্যার সমাধান করে সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লাসহ জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তথ্য প্রতিমন্ত্রী পরে কিশোরগঞ্জ প্রান্ত থেকে অনলাইনে জামালপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায়ও অংশ নেন।