রাতের আঁধারে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলামের বসতবাড়ি ও ভাড়া দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠান রাতের আঁধারে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল ইসলাম ২০১৯ সালে সংশ্লিষ্ট জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। পাশাপাশি বসতবাড়ির সামনের অংশে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য একটি ভবন নির্মাণ করে তা ভাড়া দেন।
অভিযোগে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রহমান খলিফার ছেলে সিদ্দিক খলিফা (৬৫), আবুল বাশার খান সেলিমের ছেলে তারেক খান (৪৫), রঙ্গশ্রী ইউনিয়নের শোভাকাঠি গ্রামের মৃত ফখরুদ্দিন হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪২), পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাছির ওরফে কালা নাছিরসহ ৫-৭ জন ব্যক্তি সেখানে যান।
তারা ভবনটিতে থাকা ভাড়াটিয়াদের বের করে দেন এবং সামনের দোকানের তালা ভেঙে সৈয়দ মোজাম্মেল নামে এক ব্যক্তিকে সেখানে ব্যবসা করার জন্য বসিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সম্পত্তি তাদের। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অন্যরা জমিটি দখল করে ভোগদখল করেছে। এখন তারা নিজেদের জমি বুঝে নিতে দখলে নিয়েছেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।