লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি কবরস্থান থেকে প্রায় ২৪ কেজি ব্যবহৃত গুলির সামনের ধাতব অংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের ২ নম্বর লামচর গ্রামের বায়তুল নূর জামে মসজিদের সামনের কবরস্থান থেকে এসব ধাতব অংশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কবরস্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগের ভেতরে থাকা ধাতব অংশগুলোর ওজন প্রায় ২৪ কেজি।
মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজ উদ্দিন বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো ব্যবহৃত গুলির সামনের ধাতব অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এগুলো কোনো ফায়ারিং রেঞ্জ থেকে বিভিন্নভাবে ওই স্থানে এসে থাকতে পারে।
তিনি বলেন, আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি, কীভাবে এগুলো এখানে এলো।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ধাতব অংশগুলোর প্রকৃত উৎস, এগুলো কীভাবে কবরস্থানে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।